
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে অবস্থান নিয়েছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। জুলাই কেবল একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ১৭ থেকে ৩০ জুলাই ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী। এছাড়া ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ, ৩১ জুলাই মসজিদে দোয়া মাহফিল, ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও নারী সমাবেশ এবং ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।