
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে তীব্র বিবৃতি দিয়েছে। সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সম্পাদক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বলেন, এই দুই পত্রিকা ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করে জামায়াতের সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে জামায়াতকে একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে তারা একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। প্রতিটি জাতীয় সংকটে তারা দুর্গতদের পাশে থেকেছে এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের ইতিবাচক ভূমিকা সর্বজনবিদিত।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের দুই মন্ত্রী অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ মেলেনি। অতীতে কারা ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, পদলেহন ও দালালির মাধ্যমে জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, তা দেশবাসীর স্মৃতিতে উজ্জ্বল রয়েছে। জামায়াত আশা করে, এই অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবেন না এবং পত্রিকাগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।