
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার ডি-টাইপ কোয়ার্টার থেকে গত ৮ জুলাই বিকেলে নিখোঁজ হওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) ২১ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে পরিবার, স্বজন ও সহকর্মীরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তার খোঁজে প্রশাসন ও সাধারণ মানুষের সহায়তা চেয়ে আসছেন।
আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। পেশাগত দায়িত্ব পালনকালীন তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ১১ জুলাই হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফুল্লাহর কোনো মানসিক সমস্যা নেই এবং তিনি হঠাৎ কেন নিখোঁজ হলেন, তা তাদের কাছেও রহস্য।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজের পর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সুরাহা পাননি। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও উদ্ধারের আহ্বান জানিয়েছেন। যে কেউ আরিফুল্লাহকে দেখতে পেলে অথবা তার কোনো সন্ধান পেলে ০১৭৩৬-৭৪২৭২৪ নম্বরে অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।