
মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ওয়াবদা মোড় এলাকায় একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি পাশের ডোবায় পড়ে যায়, যাতে ১০ জন যাত্রী আহত হন। আহতরা হলেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪) এবং দক্ষিণ শালিকা গ্রামের ওসমান (২৮)। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং বাসটি উদ্ধার শেষ হলে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা জানা যাবে।