
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
হাসপাতালটিকে তিনটি শর্তে লাইসেন্স ফিরে দেওয়া হয়েছে: মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অধ্যাদেশের নির্দেশনা প্রতিপালন, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ দ্রুত সম্পন্ন করা এবং শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।