
মধ্যবিত্তের জন্য নিজস্ব ফ্ল্যাট কেনা সহজ করতে সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু, ফ্ল্যাট নিবন্ধন ব্যয় ৫ শতাংশে নামিয়ে আনা এবং পিপিপি ভিত্তিতে সাশ্রয়ী আবাসন নির্মাণসহ ৬ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এসব প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী যৌক্তিক দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রিহ্যাবের প্রস্তাবের মধ্যে রয়েছে—জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন, ড্যাপ ও নির্মাণ বিধিমালা যুগোপযোগী করা, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জন্য পিপিপি ভিত্তিতে সাশ্রয়ী আবাসন প্রকল্প, সিঙ্গেল ডিজিট সুদে হাউজিং লোন, ফ্ল্যাট নিবন্ধন ব্যয় ৫ শতাংশে নামিয়ে আনা, ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার এবং বিল্ডিং প্ল্যান অনুমোদনসহ সব সেবা সম্পূর্ণ ডিজিটাল করার দাবি। প্রধানমন্ত্রী বলেন, নগরায়ণ শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিতে হবে এবং কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করেই উন্নয়ন করতে হবে।