হাজারীবাগ থানা এলাকার ট্যানারি মোড়সংলগ্ন ইউসুফ ব্রাদার ট্যানারি ভবনে পরিচালিত তিনটি ক্যাটারিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে ‘সুলতান ডাইন (আলম ক্যাটারিং)’-কে ২ লাখ টাকা এবং ‘বাসমতি কাচ্চি’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘লাঞ্চ বক্স বিডি সাপ্লাই ক্যাটারিং’-এর জরিমানা মওকুফ করলেও প্রতিষ্ঠানটির অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর সব সংযোগ লাইন বিচ্ছিন্ন ও চুলা ভেঙে দেওয়া হয় এবং রান্নার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়।
তিতাসের ধানমন্ডি জোনের ম্যানেজার প্রকৌশলী লুৎফর নেসা লতা জানান, তীব্র গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগ নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, প্রতিটি ক্যাটারিং প্রতিষ্ঠান প্রতি মাসে গড়ে প্রায় ২ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল; চার বছরে এতে এক কোটি টাকার বেশি সরকারি সম্পদ চুরি হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় সন্তোষ প্রকাশ করলেও কোটি টাকার চুরির বিপরীতে মাত্র ২ লাখ টাকা জরিমানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।