
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দারোয়ান ও একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দারোয়ান আমির হোসেন (৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় বৈদ্যুতিক তারের কাজ করছিলেন দেলোয়ার। তাকে সহায়তা করছিলেন দারোয়ান আমির। কাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন। পরে এক রাজমিস্ত্রি তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দেলোয়ার হোসেনের বাড়ি বরিশালের গৌরনদী এবং আমির হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে।