
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ, প্রাণনাশের হুমকি এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা।
রোববার (২৮ জুন) বিএফডিসির সামনে মানববন্ধন করে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএফডিসিতে সংবাদ সংগ্রহ বয়কটের ঘোষণা দেন তারা।
সাংবাদিকদের অভিযোগ, গত শনিবার বিকেলে সংবাদ সংগ্রহের সময় ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হুমকি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এতে এশিয়া পোস্ট, সময় টিভি ও টাইমস টুডের কয়েকজন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘটনার পর বিএফডিসি কর্তৃপক্ষ, চলচ্চিত্র শিল্পী সমিতি ও তেজগাঁও থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিকরা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না হলে বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না তারা।