
ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে রাজধানী ঢাকা সেজেছে উৎসবের নানা আয়োজনে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট ও দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্সের আয়োজনে ‘ফাইনাল কিকঅফ’ অনুষ্ঠানে প্রীতম হাসান, ফিরোজ জং, ডিজে রিয়নসহ শিল্পীরা পরিবেশন করবেন। ইউনাইটেড কনভেনশন সেন্টারে প্রবেশমূল্য ৭০০ টাকা।
‘দ্য ফাইনাল হুইসেল’ আয়োজনে মিলার, দ্য ব্রাউন বিটস ও জেসিয়া ইসলামের পরিবেশনা থাকছে। মিরপুর-১ এলাকায় এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পারফরম্যান্সের পাশাপাশি থাকছে আলোকসজ্জা ও আতশবাজি। বনানীর ‘ফ্যান ফেস্ট ২.০’-এ পরিবেশন করবেন ডিজে সঞ্জয় দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুর সিটি ক্লাব মাঠ, বনানীর কামাল আতাতুর্ক পার্কসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় ফাইনাল দেখার ব্যবস্থা রয়েছে। পাঁচতারকা হোটেলগুলোতেও বিশেষ আয়োজন থাকছে।