
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি গুলশান থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। আদালত এক হাজার টাকা মুচলেকায় তাঁকে জামিন দেন।
গত ২৩ জুন গুলশান থানায় চিত্রনির্মাতা আশিকুর রহমান বাদী হয়ে ববি ও তার ভাই ইয়াসিন হক জিসানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, ববি ও তার সহযোগীরা প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলার পর ববি গত ২৬ জুন হাইকোর্টে আগাম জামিন চাইলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
এদিকে প্রতারণার অভিযোগে ববির বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে, যাতে তিনি আগাম জামিন পেয়েছেন। তবে এই মামলায় বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়ম অনুযায়ী, এই মামলায় আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আদালতে উপস্থিত থাকতে হবে।