
ঢালিউডে প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফী চালু করতে যাচ্ছেন নিজস্ব ‘ফিল্ম ইউনিভার্স’। বছরান্তেই এই ইউনিভার্সের প্রথম প্রজেক্ট হিসেবে আফরান নিশোকে নিয়ে আসছে ‘সুড়ঙ্গ ২’। বড় পর্দার এই মেগা প্রকল্প নিয়ে ইতিমধ্যে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
রায়হান রাফী তাঁর ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার গল্পকে সংযুক্ত করে ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’ গড়ার ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালের ঈদুল আজহার ব্লকবাস্টার ‘সুড়ঙ্গ’-এর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি ‘সুড়ঙ্গ ২’ আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। গত ১২ জুন প্রকাশিত দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেন নির্মাতা।
এ প্রসঙ্গে রায়হান রাফী জানান, ‘সুড়ঙ্গ’ সফল হওয়ার পর দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। ‘তাণ্ডব’-এর কাজের সময় থেকেই তিনি ফিল্ম ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা করেন। তবে ঢালিউডে এ ধরনের উদ্যোগ বেশ কঠিন, কারণ বৈচিত্র্যময় অভিনেতার সংকট রয়েছে। তবুও বাংলা চলচ্চিত্রকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ।
‘সুড়ঙ্গ ২’-এর গল্প প্রথম পর্বের মাসুদ চরিত্রকে ঘিরে। দর্শক জানতে পারবে মাসুদ এখন কোথায়, কী করছে এবং কীভাবে সে অন্ধকার জগতে প্রবেশ করেছিল। নির্মাতা জানান, এই সিনেমায় ‘তাণ্ডব’-এর গল্পের সংযোগ থাকলেও শাকিব খান বা সিয়াম আহমেদের মতো তারকাদের দেখা যাবে না। গল্পের সংযোগ আর অভিনেতার সংযোগ সম্পূর্ণ আলাদা।
টানা চার ঈদে চারটি ব্লকবাস্টার উপহার দেওয়া রাফী এবারের কোরবানির ঈদে নতুন ছবি না দিলেও বছরান্তে ‘সুড়ঙ্গ ২’ দিয়ে ভক্তদের অপূর্ণতা পূরণের আশা প্রকাশ করেছেন। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে নিশোর ভারী সংলাপ ইতিমধ্যে দর্শককে উত্তেজিত করে তুলেছে। তবে নিশোর সঙ্গে নতুন কারা যোগ দিচ্ছেন, তা এখনই জানানো হয়নি। এদিকে ‘সুড়ঙ্গ ২’-এর পাশাপাশি রায়হান রাফীর আরও একটি সিনেমার দ্বিতীয় কিস্তি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।