
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করেছে। রোববার (১৩ জুলাই) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে ও দ্রুত সময়ে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এই আদেশ দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজধানীর ভাটারা, শেলটেক বিথীকা ও রাজাবাজার এলাকায় ফ্ল্যাট, আজিজ সড়কে দুটি বাড়ি এবং নিজ ও প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৪৮২ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন, যার দলিলমূল্য প্রায় ৩৩ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও তিনি একটি প্রতারক চক্রের সহযোগিতায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তার অন্যান্য সম্পদের সন্ধান করছে তদন্ত সংস্থা।