
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে রিটকারী আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সংবিধান ধ্বংস করা হয়েছে। তিনি এই সংশোধনী পুরোটা বাতিলের দাবি জানান। মঙ্গলবার (৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়।
গত বছরের ১৩ নভেম্বর পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি–সংক্রান্ত ২০ ও ২১ অনুচ্ছেদ, সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল এবং গণভোটের বিধান পুনর্বহাল করেন। তবে সংশোধনী পুরোটা বাতিল করেনি। আদালত পর্যবেক্ষণে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে না থাকায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।
হাইকোর্টের রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে এবং জাতির পিতা ও ২৬ মার্চের ভাষণের স্বীকৃতি বহাল রেখে বাকি বিষয়ে জনগণের মতামত নিয়ে সংসদ আইন করতে পারে।