
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুলাই নতুন দিন ধার্য করেছেন।
আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, এ মামলার অধিকাংশ আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত তা মঞ্জুর করে আগামী ২৬ জুলাই শুনানির দিন ঠিক করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই চাঁদ উদ্যান এলাকায় গুলিতে প্রাণ হারান ট্রাকচালক হোসেন। পরে ৩১ আগস্ট তার মা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর পুলিশের তদন্ত কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ ২০ জন পলাতক। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানসহ ৪ জন কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন।