
ভারতের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও নির্দেশক বিজয়া মেহতা মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় নাট্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মারাঠি থিয়েটারের আধুনিক ধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা ‘রঙ্গায়ন’ নাট্যআন্দোলনের প্রতিষ্ঠাতা এবং মঞ্চনির্দেশনা ও নাট্য উপস্থাপনায় নতুন ভাবনার প্রবর্তক ছিলেন। তার পরিচালিত ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে। এছাড়া ১৯৮৪ সালে ‘পার্টি’ চলচ্চিত্রে তার অভিনয়ও উল্লেখযোগ্য।
বিজয়া মেহতা তার আত্মজীবনী ‘ঝিম্মা’-তে নিজের দীর্ঘ শিল্পজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে তিনি মহারাষ্ট্র সাহিত্য পরিষদের লক্ষ্মীবাঈ তিলক পুরস্কার ও সংগীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন।