
মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবনী নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় আসছে। নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটি সম্প্রচারিত হবে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ-তে দেখা যাবে এটি।
ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম মুক্তির সংগ্রাম, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক লড়াই এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার গাথা নিয়ে নির্মিত এই সিরিজে রয়েছে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি ও দুর্দান্ত অ্যাকশন। সংবাদ সম্মেলনে বঙ্গের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, বিশ্বনন্দিত এই বীরের জীবনকাহিনী দর্শকদের কাছে পৌঁছাতে পেরে তারা আনন্দিত।
নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সিরিজ বিনোদন জগতে নতুন মাইলফলক তৈরি করবে। অনুষ্ঠানে সিরিজের বাংলা ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়।