
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন নিয়ে গঠিত এই সমন্বয় পরিষদ কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে। শনিবার (৪ জুলাই) রাতে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি হোটেলে আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ কথা বলেন তারা।
সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজির আহমদ স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ময়নুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ লস্কর, মো. জাকারিয়া আহমদ, মতছির আলী, রুনু মিয়া মঈন ও অন্যান্য নেতারা।
সভায় সিলেট জেলার বাস-মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিক্সা, লেগুনা, অটোটেম্পুসহ সকল পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমন্বয় পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।