
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। হামলার পর আরও দুই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দাবি করেছে, জেএসএস (সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে জেএসএস-সন্তু গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।