
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী জলের তলায়। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কুয়াইশসহ নগরের বিভিন্ন এলাকার সড়ক, বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায়, যা যান চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।
অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কে যানজট, গণপরিবহন ও সিএনজির সংকট দেখা দিয়েছে। অনেককে প্যান্ট গুটিয়ে, জুতা হাতে পানির মধ্য দিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। চকবাজারের অলিগলি, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড ও হালিশহরে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। আগ্রাবাদের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে, যা প্রতি বছর বর্ষায় তাদের লোকসানের কারণ হয়।
বাসিন্দারা অভিযোগ করেছেন, জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা ব্যয় হলেও সামান্য বৃষ্টিতেই একই চিত্র ফিরে আসে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই-তিন দিন আরও বৃষ্টি হতে পারে, যা জলাবদ্ধতা আরও বাড়াতে পারে।