
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আলগী ইউনিয়নের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের খবরে বিক্ষুব্ধ জনতা চারটি বাস ও একটি পিকআপে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ডিমবোঝাই পিকআপের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। স্থানীয়রা পিকআপ সরাতে সহায়তা করতে জড়ো হলে ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস বাস পেছন থেকে পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপের পাশে থাকা লোকজন চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।