
ওয়াশিংটনে কয়েক দিনের আলোচনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুন) মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এ চুক্তি সই হয়।
ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। লেবাননের রাষ্ট্রদূত নাদা মাওয়াদ এবং ইসরায়েলের প্রতিনিধি ইয়েহিয়েল লেইটার চুক্তিতে স্বাক্ষর করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিকে ‘দীর্ঘ ও কঠিন যাত্রার প্রথম ধাপ’ বলে অভিহিত করেছেন।
চলতি বছর মার্চে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, এ চুক্তি সার্বভৌমত্ব পুনরুদ্ধার ও স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে। ইসরায়েলি প্রতিনিধি বলেছেন, এতে শান্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে।