
কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার অন্য জেলায় পাচারের অভিযোগে দায়ের মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ২৪ অক্টোবর মুকসুদপুর থানায় তল্লাশি চালিয়ে ৪৬০ বস্তা বিএডিসির ডিএপি সার উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩৭ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলে সোহরাব হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মেহেরপুরের কৃষকরা সারের সংকট ও কালোবাজারির অভিযোগ তুলে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সোহরাব দোষী সাব্যস্ত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।